▇ মোকলেছুর রহমান
সব বয়োজ্যেষ্ঠদের পায়ের ধূলো মাথায় মাখতে নেই; তাদের পায়ের ধূলো যথাস্থানে রাখতে হয়। আর ইতিহাসের দিকে তাকালে আমরা জানতে পাই- আমাদের আদব-কায়দায়, সৌজন্যে এমনকি শিল্প-সাহিত্য-সংস্কৃতিতেও রয়েছে শাহ-সামন্ত যুগের নিয়ম-নীতি, রীতি-রেওয়াজের ঐতিহ্য ও আদল। সময়ের পরিক্রমায় জমিদারি উচ্ছেদ, প্রজাস্বত্ব অাংশিক প্রতিষ্ঠা, গ্রামের লোকের নগরে-বন্দরে যাতায়াত বৃদ্ধি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সৈনিক হিসেবে দেশ-বিদেশ দেখা, কলকারখানার শ্রমিকরূপে গ্রামের লোকের শহরে বাস, কেরানী তৈরির শিক্ষার প্রসার-প্রভাব, গ্রামীন সরল লোককেও আর সরল রাখছে না। মানুষের শৈল্পিক চিন্তা-ভাবনার চর্চা ও সুকোমলবৃত্তির বিকাশও থেমে নেই। এতে প্রতিক্রিয়াশীল বা রক্ষণশীল প্রাচীনপন্থি আর গ্রহণশীল প্রগতিপন্থির মধ্যে জীবনের সর্বক্ষেত্রেই রুচির, যুক্তির, বুদ্ধির ও শ্রেয়বোধের একটা অস্বস্থিকর বা অসহ্য ব্যবহারিক ও মানসিক দ্বন্দ্ব প্রকট হয়ে উঠল। যারা নতুন জীবন, নতুন সমাজ ও নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখছে, প্রগতির পথে ও পক্ষে চলছে; তাদেরকেই রক্ষণশীল-প্রতিক্রিয়াশীলরা বেয়াদব আখ্যা দিয়ে রড়ই স্বস্তি পায়।
সাম্প্রতিক সময়েও বেয়াদবি স্বাধিকার চেতনা ও বিপ্লবমুখীতার লক্ষণ। শিল্প বিপ্লবের ফলে শ্রমশিল্পের যে বিকাশ ঘটে, তাতে আঠার শতকের শেষ দিকে ও ঊনিশ শতকের প্রথমার্ধেই ইউরোপে বেয়াদবি শুরু। আর ঔপনিবেশিক শাসনে শ্রমশিল্পের বিকাশ ঘটেনি বলেই আমাদের দেশে বুর্জোয়া পুঁজির বিকাশে বিলম্ব হচ্ছে; তেমনি বেয়াদবির প্রকাশও ঘটছে বিলম্বে। লোকনিন্দার পরোয়া না করে আচরণ যেমন অবাঞ্চিত তথা বেয়াদবি; তেমনি সাহিত্য-শিল্প-দর্শন ও ইতিহাসে, পুরনো শাস্ত্রে শ্রদ্ধার স্বল্পতা, আর্থিক জীবনে সুবিচার, পুরনো বিশ্বাস-সংস্কারে নিন্দা, পুরনো মূল্যবোধে উপহাস, নিয়ম-নীতি পালনে শৈথিল্য, অন্যায়ের প্রতিবাদ, বিজ্ঞাননির্ভরতা, যুক্তিবাদিতা, আর্ন্তজাতিকতা, স্বাধিকারচেতনা, সমাজতন্ত্রের আকাঙ্ক্ষা প্রভৃতি মৌলবাদি সামন্ত-বুর্জোয়াদের কাছে বেয়াদবি ছাড়া কিছুই নয়। কিন্তু তাদের মতো না বলে যদি বেয়াদবির অপর নাম নতুন হয়, চিন্তায়-কর্মে ও আচরণে গোড়ায় নতুনের ধারক থাকে নগন্য কয়জন, মধ্যে তার বাহক হয় অসংখ্য, পরিনামে সর্বজনীন হয়ে স্থিতি পায় নতুন। স্বাধিকারে স্ব-প্রতিষ্ঠিত হওয়ার গরজেই গণমানুষকে বেয়াদব হতে হবে।
আমাদের বেয়াদবি প্রগতির লক্ষণ, আত্মচেতনার অভিব্যক্তি, বিদ্রোহের বীজ, বিপ্লবের সংকেত, সমাজ-সভ্যতা-সংস্কৃতি নির্মাণে চলবেই।
লেখক: সম্পাদক শ্বেতপত্র

0 মন্তব্যসমূহ
প্রাসঙ্গিক ও মার্জিত মন্তব্য করুন